spot_img
spot_img

গাছ কাটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিনা অনুমতিতে গাছ কাটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২ জুন) রাজধানীর হাতিরঝিলে দেশজুড়ে প্লাস্টিক বর্জ্য অপসারণ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, গাছের বিষয়ে আমার অবস্থান স্পষ্ট। আমি বার বার বলেছি গাছ কাটলে কোনো ছাড় দেওয়া হবে না। সড়কের বিদ্যমান গাছগুলো না কেটেই উন্নয়ন কাজ করার নির্দেশ দিয়েছি। আমি জানতে পেরেছি মিরপুরের টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে ঠিকাদার কয়েকটি গাছ কেটে ফেলেছে। যেহেতু ঠিকাদার সিটি কর্পোরেশনের নির্দেশনা অমান্য করে গাছ কেটেছে তাই তাকে ডিএনসিসিতে কালোতালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দুজন প্রকৌশলীকেও বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপ সব ঠিকাদার ও বিভিন্ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য একটি কঠোর বার্তা। গাছ কেটে কোনো উন্নয়ন নয়।

তিনি বলেন, জরুরি প্রয়োজনে কোনো ব্যক্তি বা সংস্থা গাছ কর্তন করতে চাইলে সিটি কর্পোরেশনকে জানাতে হবে। আমরা পরিবেশবিদ, নগর পরিকল্পনাবিদসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করে সম্ভব হলে অনুমোদন দেব। অনুমোদন ছাড়া ডিএনসিসি এলাকায় কোন গাছ কাটা যাবে না।

প্লাস্টিক বোতল প্রতিনিয়ত পরিবেশের মারাত্মক ক্ষতি করছে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক বোতলে পণ্য বিক্রি করে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করছে। তারা ব্যবসা করে পরিবেশের দূষণ করবে এটা হতে পারে না। পরিবেশ রক্ষায় উৎপাদনকারীদের প্লাস্টিক বর্জ্য রিডিউস, রিসাইকেল, রিইউজ করা পাশাপাশি ইপিআর মডেল চালু করতে হবে। সার্কুলার ইকোনমি প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা নিজেরাই পরিবেশের ক্ষতির জন্য দায়ী। পরিবেশের ক্ষতি করায় এখন পরিবেশ তার প্রতিশোধ নিচ্ছে। বর্ষা মৌসুমেও বৃষ্টি হয় না। দেশজুড়ে তীব্র গরম। বিশেষ করে ঢাকা শহর হিট আইল্যান্ডে পরিণত হয়েছে। হিট হচ্ছে সাইলেন্ট কিলার। ঢাকা শহরকে বাঁচাতে হলে পরিবেশকে বাঁচাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ