বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
জিয়াউর ও বিএনপির নেতারা যে কাজ কর্ম করে থাকে সেটা নিয়ে একটা মিউজিয়াম করার বিষয়ে ভাবনা আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলে শেষ করে যাবে না। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে বলে অখ্যাত। ঠিকই কিন্তু এই অখ্যাত মানুষটাই দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছেন। যখন জাতি দিশেহারা, তখন তিনি সাহসী কণ্ঠে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিয়েছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান সত্যিই দেশের অগ্রদূত হয়ে জন্ম নিয়েছিলেন। যখনই ক্রান্তিকাল দেখা দিয়েছে তখনই তিনি মানুষের হয়ে বেরিয়ে এসেছেন। জাতি যখন দিক হারিয়ে ফেলেছিলেন, তখনই তিনি মানুষের জন্য অগ্রনায়ক হয়ে এসেছেন। সেটা হলো ৭৫ পরবর্তী সময়। যখন দেশের মধ্যে অরাজকতা চলছিল। সেদিন এই অখ্যাত মানুষটিই দায়িত্ব নিয়ে তিনি দেশের মানুষকে নিয়ে কাজে নেমে পড়েছিলেন।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই আন্দোলন চূড়ান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আমাদের ১৭ জন নেতাকর্মী মারা গেছেন। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, আজ বিশ্বের কাছে এই সরকারের ভোট চুরির কর্ম প্রমাণিত হয়েছে। আজ তারাও এদেরকে বিশ্বাস করতে চাচ্ছে না। বিশ্ব জানে এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। এটা আশা করা যায় না। তাই এদেরকে পতন করিয়ে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা-যে চূড়ান্ত লক্ষ্য তা বাস্তবায়ন করতে হবে।










