পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান বলেছেন, তার দলের প্রতি জনসমর্থন আরও বৃদ্ধি পাচ্ছে, যদিও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ দলটি ছেড়ে চলে গেছেন।
গত শুক্রবার (২ জুন) সন্ধ্যায় মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারে পাকিস্তানের বর্তমান সরকারকে ‘একটি পুতুল সরকার’ হিসেবে উল্লেখ করেন ইমরান খান।
তিনি বলেন, এমন একটি সরকার যেটি এখন সামরিক সংস্থার উপর সওয়ার হয়ে পড়েছে, কারণ তারা জানে যে, যদি নির্বাচন হয় তবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।
সাক্ষাৎকারে সেনাবাহিনীর বিরুদ্ধেও অভিযোগ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
ইমরান খান বলেন, তিনি যাতে আগামী নির্বাচনে জয়ী হতে না পারেন, সেজন্য চেষ্টা করছেন সেনাবাহিনীর জেনারেলরা। এই প্রচেষ্টা দেশটিতে একটি দুর্বল সরকারের পথ প্রশস্ত করবে। অথচ পাকিস্তানে এখন চরম আর্থিক সংকট বিরাজ করছে।










