বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সোমবার (৫ জুন) বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তৰ্গত ঢাকা-১৩ সংসদীয় আসনের ১০৪ টি ইউনিটের ত্ৰি-বাৰ্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নানক বলেন, যারা হাওয়া ভবন সরকার গঠন করেছিল তারাই এখন বলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দেবে। এই দেশকে নিয়ে যারা (বিএনপি) ষড়যন্ত্র করছে তাদের মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বেগম খালেদা জিয়াকে মুর্খ উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, গণতন্ত্রের পথে ফিরে না এলে বাংলাদেশে বিএনপির রাজনৈতিক কবর রচিত হবে।










