ইউক্রেনে আবারও বিপুল অংকের সহায়তা দিতে যাচ্ছে আমেরিকা। নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ হবে ২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি এবং এর মাধ্যমে ইউক্রেন তাদের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে পারবে।
শুক্রবার (৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ইউক্রেনের জন্য ২০০ কোটি ডলারের বেশি মূল্যের একটি নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করবে বলে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
ব্লুমবার্গ নিউজে আরও বলা হয়, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিসটেন্স ইনিশিয়েটিভের অধীনে দেওয়া এই সহায়তা তহবিলে আকাশ প্রতিরক্ষা যুদ্ধাস্ত্রের ওপর জোর দেওয়া হবে এবং ইউক্রেনকে হক মিসাইল লঞ্চার ও দুই ধরনের উন্নত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল কিনতে সাহায্য করবে। আজ শুক্রবার এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যতদিন প্রয়োজন হবে ততদিন তহবিল বরাদ্দের মাধ্যমে ইউক্রেনকে অর্থায়ন করবে আমেরিকা। সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, বিরোধী রিপাবলিকান পার্টির কিছু আইনপ্রণেতার মধ্যে দ্বিধা সত্ত্বেও আমেরিকা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সামরিক সহায়তা প্রদান করবে বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, আসল বিষয় হলো- আমি বিশ্বাস করি, ইউক্রেনকে সহায়তা করার জন্য যতদিন সময় লাগবে আমাদের কাছে প্রয়োজনীয় তহবিল থাকবে।
সূত্র : রয়টার্স











