জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
মঙ্গলবার (১৩ জুন) শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচন কিভাবে হবে ও জাতীয় পার্টি কিভাবে নির্বাচনে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
জিএম কাদের বলেন, বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, তা কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। এটার একটা পরিবর্তন দরকার। কিন্তু পরিবর্তনটা কি ধরনের হবে, তা সব দল মতের সঙ্গে কথা বলে এক মত হতে হবে।










