ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র পদপ্রার্থী সৈয়দ মুফতী মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা মোহাম্মাদ হাবিবুল্লাহ মিয়াজি।
আজ সোমবার (১৩ জুন) এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন একজন আলেম প্রার্থীর ওপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক এই ন্যাক্কারজনক নগ্ন হামলা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এতেই প্রমাণিত হয় বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়া সম্ভব নয়।
তারা বলেন, যেখানে একজন প্রার্থীর নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে সেখানে ভোটারদের জান- মালের নিরাপত্তা কোথায়? তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে শায়খে চরমোনাইর উপর হামলাকারীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা বলেন,একজন সম্মানিত প্রার্থীর ওপর হামলা করে নেতাকর্মীদেরকে রক্তাক্ত করার ঘটনার পরও সিইসি বলেছে আমরা কোন রক্তক্ষরণ দেখিনি। আনন্দমুখর নির্বাচন হয়েছে। সিইসির দেয়া মন্তব্য হাস্যকর এবং দায়িত্বজ্ঞানহীন। নির্বাচন পরিচালনায় ব্যর্থতার দায়ে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে আগামীতে তার অধীনে কোন দলই নির্বাচনে যেতে চাইবে না। নেতৃদ্বয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।










