বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, খালেদা জিয়াকে বন্দি রেখে সরকার প্রহসনের নির্বাচন করতে চায়।
বৃহস্পতিবার (১৫ জুন) প্রেস ক্লাবের সামনে তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সম্প্রতি ওবায়দুল কাদের বলেছেন-বিদেশিরা যতোই চাপ দিক, খালেদা জিয়ার ব্যাপারে আমরা মাথানত করব না। অর্থাৎ তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চান যে, খালেদা জিয়াকে বন্দি রেখে প্রহসনের নির্বাচন করবেন, স্বৈরশাসন জারি রাখবেন। যাতে আবার অবাধে লুটপাট করতে পারে, জনগণের টাকা বিদেশে পাচার করতে পারে। এ কারণেই খালেদা জিয়ার মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জনগণের যে চাপ সেটা তারা বরদাস্ত করেন না।
তিনি আরও বলেন, যুবদলের সাবেক সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদেরকে কারাগারে আটক রাখা হয়েছে। আরেকটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার জন্যই সরকার বিএনপি নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করছে এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখছে। অথচ তারা নিম্ন এবং উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে। হাইকোর্টের রুল থাকার পরে পুলিশ তাদের নতুন মামলা দিয়ে আটকে রাখছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।










