জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মন্ত্রীরা ব্যর্থ হলেও শেখ হাসিনা ব্যর্থ হতে পারে না।
শুক্রবার (১৬ জুন) বিএনপির অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ১৪ দলীয় মহাজোটের জনসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনের আগে বর্তমান সরকারই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারবে, বিদ্যুৎ সংকট কাটাতে পারবে। মন্ত্রীরা ব্যর্থ হলেও শেখ হাসিনা ব্যর্থ হতে পারে না।
ইনু বলেন, কোনো বিদেশি শক্তিকে বাংলাদেশের মাঠে খেলাধুলা করতে দেয়া হবে না। দেশের জনগণ বেঁচে থাকতে কোনো ভূতের সরকার হবে না। সংবিধান অনুযায়ী যথাসময় আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে বানচাল করার চেষ্টা করলে বিএনপিকে পালাবার সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।










