১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই প্রথম বাইরের কোনো দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করলো রাশিয়া। এরইমধ্যে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যাচটি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দেয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করেন।
পুতিন বলেন, রুশ ভূখণ্ড বা রাষ্ট্র হুমকির মুখে পড়লেই কেবল এসব অস্ত্র ব্যবহার করা হবে। গ্রীষ্মের মধ্যেই কৌশলগত পারমাণবিক যুদ্ধাস্ত্র হস্তান্তর সম্পন্ন হবে।
পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা কেন পুরো বিশ্বকে ভয় দেখাব? আমি আগেই বলেছি, আমিদের রাষ্ট্র বিপদে পড়লেই কেবল চরম পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে আমেরিকা বলছে, ইউক্রেন হামলায় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে-এমন কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। পুতিনের মন্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারেরর প্রস্তুতি নিচ্ছে, আমরা এমন কোনো ইঙ্গিত পাইনি।
রাশিয়ার অন্যতম মিত্র বেলারুশ গত বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন হামলায় পুতিনের অন্যতম ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সূত্র: বিবিসি











