spot_img
spot_img

‌গাছ না কেটেই উন্নয়ন কাজ করতে হবে : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পরিবেশ বাঁচাতে গাছ লাগাতে হবে। সড়কের বিদ্যমান গাছগুলো না কেটেই উন্নয়ন কাজ করতে হবে।

বুধবার (২১ জুন) মিরপুর সেকশন ১৩ ও ১৪ এলাকায় নর্দমা ও ফুটপাতসহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম বলেন, কিছুদিন আগে মিরপুরের টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণের সময় অসাধু ঠিকাদার কয়েকটি গাছ কেটে ফেলেছে। যেহেতু ঠিকাদার সিটি করপোরেশনের নির্দেশনা অমান্য করে গাছ কেটেছে তাই তাকে ডিএনসিসিতে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট দুজন প্রকৌশলীকেও বরখাস্ত করা হয়েছে। উন্নয়ন হবে কিন্তু গাছ কেটে নয়।

তিনি বলেন, এই শহরের অনেক খাল দখল হয়ে গেছে। অনেক মাঠ দখল হয়ে বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে। আমি খালগুলো সরেজমিন পরিদর্শন করেছি। বাংলাদেশ সেনাবাহিনী খালের সীমানা নির্ধারণ করে পিলার বসানোর কাজ করছে। ৪০ বছর আগে রূপনগর খাল দিয়ে নৌকায় চড়ে তুরাগে যাওয়া যেতো।

তিনি আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়ে খাল অবৈধ দখলমুক্ত করে রূপনগর থেকে তুরাগ পর্যন্ত নৌপথ চালু করা হবে। প্রকৌশলীরা এটি নিয়ে কাজ করছেন। এজন্য ১১টি ব্রিজ নির্মাণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ