স্থানীয় সরকার মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম জানিয়েছেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।
বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি জানান, ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এবার ডেঙ্গুতে সারাদেশে ৩৮ জন মারা গেছে। ঢাকায় ২৯ জন এবং ঢাকার বাইরে নয়জন মারা গেছে। চট্টগ্রামে ছয়জন, বরিশালে দুজন, ময়মনসিংহে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়।
তিনি আরও জানান, ডেঙ্গু ছাড়া তাদের অন্য কোনো রোগ ছিল কি না, সেগুলো যাচাই করা হবে। ক্যানসার আক্রান্ত ছিল কি না, নাকি আগে থেকেই মৃত্যু পথযাত্রী ছিল, এগুলো নজরে আনতে হবে। আমাদের জানতে হবে কোথায় ঘাটতি আছে। আমরা জনগণের প্রতি দায়বদ্ধতা স্বীকার করি। আমরা জনগণকে অঙ্গীকার করেছি ভালোভাবে জীবনযাপনের জন্য আমরা সম্ভাব্য সব সুযোগগুলো কাজে লাগাব। সিঙ্গাপুরে ৩৫৯৫ জন আক্রান্ত হয়েছে। ইন্দোনেশিয়ায় ৩৫ হাজার আক্রান্ত হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করার পরিপ্রেক্ষিতে এখনও যথেষ্ট নিয়ন্ত্রণে আছে।
মন্ত্রী জানান, ২০১৯ সালে ডেঙ্গুতে দুই লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সেই তুলানায় কী কমাতে পেরেছি বলে মনে হয় না।কোথাও যদি ঘাটতি থাকে কেউ তা ধরিয়ে দিলে সেটিও আমলে নেব। সন্তুষ্টির কোনো কারণ নেই। একটি লোকও যদি আক্রান্ত না হত, একজন লোকও যদি মারা না যেত তাহলে আমি সন্তুষ্ট হতাম। আমরা সে লক্ষ্যেই কাজ করি-একটা লোক মৃত্যুবরণ না করুক আর আক্রান্ত না হোক।
ঈদের সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সিটি করপোরেশনের মশক নিধনের জন্য যে টিম আছে সে টিমকে কাজে লাগাতে হবে। তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ রাখা আছে, সেগুলোকে ব্যবহার করবে। পর্যাপ্ত পরিমাণ যন্ত্র কেনা আছে। একেকটি সিটি করপোরেশনে তিন হাজার করে লোকবল নিয়োগ দেওয়া আছে। ভ্রাম্যমাণ আদালত চালাতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।











