spot_img
spot_img

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি; নিখোঁজ ৪০

ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ইতালির লাম্পাডুসা দ্বীপের উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি স্থানীয় সময় বৃহস্পতিবার ডুবে যায়। এ ঘটনায় নিখোঁজ থাকা ব্যক্তিদের মধ্যে একটি নবজাতক রয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্ল্যাভিও ডি গিয়াকোমো বলেন, ৪৬ জন আরোহী নিয়ে নৌকাটি তিউনিসিয়া থেকে ছেড়ে যায়। আরোহীরা ক্যামেরুন, বুরকিনা ফাসো ও আইভরি কোস্টের নাগরিক। সমুদ্রে জোরালো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। বেঁচে থাকা কয়েকজনকে লাম্পাডুসায় নেওয়া হয়।

তিনি জানান, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও একজন শিশু রয়েছে। যে কয়েকজন প্রাণে বেঁচে গেছেন তাদের সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।

তিনি আরও জানান, গত নভেম্বর থেকে তিউনিসিয়ান রুটে অভিবাসনপ্রত্যাশীদের আগমন বেড়েছে। তবে তারা তিউনিসিয়া নয়, সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক।

ডি গিয়াকোমো বলেন, মূলত সাব-সাহারান আফ্রিকার দেশগুলো থেকে তিউনিসিয়ায় গিয়ে বৈষম্যের শিকার হওয়া মানুষগুলোই জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চাচ্ছে।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ