পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এবারই নিজের জীবনে সবচেয়ে কষ্টের ঈদ উদযাপন করেছেন তিনি। কারণ তিনি বাইরে থেকে ইদ পালন করতে পারলেও তার দলের কর্মী ও সমর্থকদের জেল-হাজতে আটকে রাখা হয়েছে। বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এক টুইট বার্তায় এসব কথা বলেন তিনি।
টুইট বার্তায় পিটিআই প্রধান বলেন, আমাদের পাকিস্তানিদের ঈদ মোবারক। এটি আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক ঈদ। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার থাকার পরেও আমার ১০ হাজার নেতা-কর্মীকে জেলে ঢোকানো হয়েছে। তাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
টুইট বার্তায় তিনি আরও বলেন, পিটিআই না ছাড়তে চাওয়ায় ড. ইয়াসমিন রশিদ ও আলিয়া হামজার মতো নারী নেত্রীসহ আমাদের অন্যান্য সাহসীদের নেতাদের জেলে রাখা হয়েছে। আমাদের ১৬ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও ৮ জনকেও হত্যা করা হয়েছে। তবে তাদের বিষয়টি নিশ্চিত নয় কারণ ভুক্তভোগীদের স্বজনরা পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫০ জন।
সূত্র: এনডিটিভি










