spot_img
spot_img

আমেরিকাকে আগে নিজ দেশের মানবাধিকার রক্ষা করতে বললেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্কিন ‍যুক্তরাষ্ট্রের আগে তাদের নিজ দেশের মানুষের মানবাধিকার রক্ষা করা উচিত। তারা নিজের দেশের মানুষকে কী করে বাঁচাবে, সেই চিন্তা আগে করুক।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার চলতি অধিবেশনের সমাপ্তি টানেন।

শেখ হাসিনা বলেন, মার্কিন ‍যুক্তরাষ্ট্র নিজের দেশের মানুষকে বাঁচাবে কী করে সেই চিন্তা আগে করুক। সেটাই তাদের করা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগই পারে অবাধ, নিরপেক্ষ নির্বাচন দিতে। সেটা আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। মাত্র সিটি করপোরেশন নির্বাচন হলো। এই নির্বাচন নিয়ে কেউ একটি প্রশ্ন তুলতে পেরেছে? এত শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে আগে কখনও হয়েছে?

বাংলাদেশের মানবাধিকার নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশে মানবাধিকারের খোঁজে আসে অনেকে। আমার প্রশ্ন, ২০০১ এর নির্বাচনে যেভাবে হত্যা, নির্যাতন, ধর্ষণ হয়েছিল, তখন সেই মানবাধিকার ফেরিওয়ালারা কোথায় ছিল? তারা কেন চুপ ছিল? তাদের মুখে কথা ছিল না কেন? দেশি-বিদেশি আমি সবার বেলায় বলব। অনেকে আছেন, আমাদের সবক দেন। মানবাধিকার শেখান। যারা খুনিদের ইনডেমনিটি দিয়ে রক্ষা করে, আজ তাদের কথা শুনে অনেক আন্তর্জাতিক সংস্থা, অনেক দেশ দেখি মানবাধিকারের কথা ওঠায়। আমরাই তো মানবাধিকার বঞ্চিত ছিলাম। ৩৫ বছর লেগেছে বাবা-মার হত্যার বিচার করতে। বাংলাদেশে মানবাধিকার নেই যারা বলেন, তারা ২০০১ দেখেননি? ১৫ আগস্ট দেখেননি? ১৫ আগস্ট থেকে আওয়ামী লীগ সরকার আসা পর্যন্ত এদেশে কী ছিল দেখেননি? তখন তারা চোখেও দেখেননি, কানেও শোনেননি কী কারণে, তা আমার কাছে বোধগম্য নয়। তারা মানবাধিকারের কথা বলে। আজকে রোহিঙ্গারা যখন নির্যাতিত হচ্ছিল, ধর্ষণের শিকার হচ্ছিল, আমরা তাদের আশ্রয় দিয়েছি। আমরা মানবিক কারণে যখন এতগুলো মানুষের দায়িত্ব নিতে পারি। এর থেকে মানবাধিকার সংরক্ষণ আর কী হতে পারে, সেটাই আমার প্রশ্ন?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ