সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানে ‘পবিত্র কুরআন দিবস’ ঘোষণা করেন ও একটি প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানান। যার দরুন জুমার নামাজের পর পাকিস্তানের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দেশটির ধর্মপ্রাণ জনগণ। এর মধ্যে পাকিস্তানের প্রধান শহর করাচি ও লাহোরে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আইনজীবীদের একটি বড় অংশ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা সুপ্রিম কোর্টের সামনে পবিত্র কুরআনের অনুলিপি নিয়ে সুইডেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।
এদিকে দেশটির উত্তর-পশ্চিমে অবস্থিত সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের একটি দল পবিত্র গ্রন্থ অবমাননার নিন্দা জানিয়ে একটি সমাবেশের আয়োজন করে।
গত সপ্তাহে ঈদের দিন ইরাকের এক খ্রিষ্টান নাগরিক সুইডেনে পবিত্র কুরআনে আগুন ধরিয়ে দেয়। যার পর থেকে মুসলিম দেশগুলিতে বিক্ষোভ বেড়ে চলেছে।
এছাড়াও গত বৃহস্পতিবার পার্লামেন্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুইডিশ কতৃপক্ষের কাছে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
সূত্র: আল জাজিরা










