রাত-বিরাতে বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, জনগণের কাছে ধরন না দিয়ে রাত-বিরাতে বিএনপি-জামায়াত বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে তারা। রাজনৈতিক মতবিরোধ থাকলে নিজেদের মধ্যে আলোচনা না করে বিদেশিদের কাছে নিয়ে যাওয়া দেশবিরোধী অপতৎপরতা।
রোববার (৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন পরিষদের মেম্বারদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদ (বাইসস)’ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, জনগণকে নিয়ে কোনো মাথাব্যথা নেই তাদের। তাদের চিন্তা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য, তারেক রহমানের শাস্তি বাতিল আর তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নিয়ে।











