সম্প্রতি ঈদুল আযহার নামাজ শেষে কুরআন পোড়ানোর অনুমোদন দেওয়ায় তোপের মুখে পড়ে নর্ডিক দেশ সুইডেন। বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে দেশটির বিরুদ্ধে। সম্পর্কচ্ছেদ ও বয়কটের আহবানও আসে মুসলিম বিশ্বের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের পক্ষ থেকে।
এছাড়া তুরস্কের তীব্র প্রতিক্রিয়ায় দেশটির বহু আরোধ্যের ন্যাটো সদস্যপদ অর্জনের সম্ভাবনা আরো পিছিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
এমন বহুমুখী চাপের ফলে কুরআন পোড়ানোর অনুমোদন আইন বাতিলের চিন্তাভাবনাও করছে দেশটি।
এবিষয়ে দেশটির আইনমন্ত্রী গুনার স্ট্রোমার বলেন, কুরআন পোড়ানো এখন আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। কুরআন পোড়ানোর জেরে মুসলিম বিশ্বের সাথে আমাদের সম্পর্ক এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দেশে সহিংস হামলার সম্ভাবনাও বাড়ছে। এসব বিষয় বিবেচনায় আইন পর্যালোচনা ও পরিবর্তনের বিষয়টি এখন যুক্তিসঙ্গত হয়ে দাঁড়িয়েছে। তাই কুরআন পোড়ানোর অনুমোদন আইন বাতিলের চিন্তাভাবনা করছি আমরা।
সূত্র: ইয়েনি শাফাক











