বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন ঘিরে সরকার ও বিরোধী দলের পাল্টা পাল্টি কর্মসূচির কারণে মানুষের মাঝে চরম উৎকন্ঠা বিরাজ করছে। এটা দেশের জন্য অকল্যাণকর। যেহেতু দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। বিগত সময়ের নির্বাচনগুলোই এর প্রমান বহন করে। দেশের মানুষ শান্তি সম্প্রীতির রাজনীতি দেখতে চায়।হিংসা ও বিদ্বেষমূলক রাজনীতি দেখতে চায় না। দেশের স্বার্থ ও উন্নয়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ কাজ দেখতে চায়। সরকারের অতি বাড়াবাড়ির কারনে বিদেশিরা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নাক গলাচ্ছে। যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।
গতকাল বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বলেন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে বাধা কোথায়। দেশ ও জনগণের স্বার্থে সংবিধানে পরিবর্তন এনে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়াই দেশ ও জাতির জন্য কল্যাণকর।
মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, ডেঙ্গু জ্বর মহামারীর রূপ নিচ্ছে। দেশের মানুষকে সতর্ক হতে হবে। সরকারকেও পর্যাপ্ত পরিমান ব্যবস্থা নিতে হবে এবং আল্লাহর কাছে ডেঙ্গুর মহামারী থেকে বাঁচতে তাওবা ও ইসতেগফার করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠননিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনী, নোয়াখালী জেলা উত্তর এর সহসভাপতি মাওলানা খালেদ মাহমুদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ উল্লাহ প্রমুখ।










