ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার জনগণের ভোটাধিকার ও নাগরিক অধিকার কেড়ে নিয়ে নেয়ায় বিদেশীরা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। দেশের মানুষ নানা সঙ্কট ভোগ করছে। নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে জনজীবন দূর্বিষহ করে তুলেছে।
আজ বুধবার (১২ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখলী জেলা (দক্ষিণ) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী গোষ্ঠীকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছে সরকার। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হলে সরকারকে তার খেসারত দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের একটি সংগঠন, জনগণের ভালবাসা নিয়ে দেশে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্ত আনতে চায়।

তিনি আরো বলেন, বিদ্যামান সঙ্কট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। জাতীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকট ঘনিভূত হচ্ছে। যা দেশের জনগণের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে এবং দেশে বিপর্যয় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ড. আ.ফ.ম খালিদ হোসেন ও মাওলানা খালিদ সাইফুল্লাহ (চরকাদিরা পীর), সহকারি মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, সৌদী প্রবাস শাখার সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, নোয়াখালী উত্তর জেলা সভাপতি হাফেজ মাওলানা নজির আহমদ প্রমুখ।










