বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। একদল সৎ ও যোগ্য লোক তৈরী করার মাধ্যমে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবা করাই হচ্ছে আমাদের কাজ।
শুক্রবার (১৪ জুলাই) ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত আত্মকর্মসংস্থানের লক্ষ্যে একটি পরিবারে গাভী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এবিএম কামাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শাহিনুর ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমীর মো: ইলিয়াস, ছাত্রশিবিরের জেলা সভাপতি মাঈনুল ইসলামসহ স্থানীয় দায়িত্বশীল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতের চার দফা কর্মসূচির একটি দফা হচ্ছে সমাজসেবা ও সমাজকল্যাণমূলক কাজ। যেকোনো দূর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, নৌকাডুবিসহ নানাবিধ কাজে আমীরে জামায়াতের অগ্রণী ভূমিকা দেশবাসীর কাছে পরিষ্কার। কিন্তু সরকার তাকে আজ সম্পূর্ণ অন্যায়ভাবে ও প্রতিহিংসাবশত আটক করে রেখেছে। তিনি অবিলম্বে আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ শীর্ষনেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
তিনি বলেন, জামায়াত কর্মী মানেই হচ্ছে সমাজকর্মী। সমাজ কল্যাণের কাজ আমাদের নিয়মিত কাজেরই অংশ। সামাজিক কাজ ও মানবতার পাশে দাঁড়ানো হচ্ছে ইবাদত।
তিনি আরো বলেন, গোটা দেশ আজ চুরি, ডাকাতি ও রাহাজানিতে ভরে গেছে। কিন্তু সরকার এসব অন্যায় প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তিনি বিপদে-আপদে সকলকে ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং জামায়াতের নেতা-কর্মীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজ ও দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, সমাজের গরীব, অসহায় ও নিঃস্ব মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। তিনি সাধ্যানুযায়ী মানুষের কল্যাণে কাজ করার জন্য সকল স্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে ঢাকা জেলা দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি নি:স্ব পরিবারকে দু’টি গাভী ও বাছুর প্রদান করা হয়।










