পদত্যাগের ঘোষণা দিয়ে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ব্রিটিশ মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের সময় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে আমি সরে দাঁড়াব। একইসঙ্গে পরবর্তী সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন তিনি।
গত চার বছর ধরে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছেন বেন ওয়ালেস।
রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, চারবছর দায়িত্বপালনের পর মন্ত্রিসভার পরবর্তী রদবদলের সময় প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বেন ওয়ালেস। সংবাদমাধ্যম সানডে টাইমসকে তিনি বলেছেন, তিনি পরবর্তী সাধারণ নির্বাচনেও দাঁড়াবেন না।
তবে ‘অসময়ে’ মন্ত্রীর দায়িত্ব ছেড়ে যাওয়া এবং উপ-নির্বাচনের কথা অস্বীকার করেছেন তিনি।
ওয়ালেস বলেছেন, রাজনীতির কারণে তার পরিবারের ওপর পড়া প্রভাবের কারণেই তিনি ফ্রন্টলাইন রাজনীতি ছেড়ে দিচ্ছেন। এছাড়া তার মিত্ররাও বলেছেন, ওয়ালেসের এই সিদ্ধান্তটি ঋষি সুনাকের নেতৃত্বের প্রতি কোনো ধরনের ভাবনা থেকে নেওয়া নয়।











