ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের তিনজন নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
রবিবার (১৬ জুলাই) ফিলিস্তিনের বেথলেহেম শহরের তেকোয়া চেকপয়েন্টে এ হামলার ঘটনাটি ঘটে।
সেনাবাহিনীর একটি বিবৃতি অনুযায়ী, তেকোয়া চেকপয়েন্টের কাছে একটি গাড়ি থেকে তিন জন ইসরায়েলি নাগরিকের উপর গুলি চালায় একজন ফিলিস্তিনি যুবক। এতে ৩৫ বছর বয়সি ইসরাইলি নাগরিক ও তার ২ সন্তান আহত হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এর কিছুক্ষণ পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ফিলিস্তিনি বন্দুকধারীসহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়। হামলায় ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এসময় গাড়ি থেকে একটি এম-১৬ রাইফেল পাওয়া যায়।
এ বিষয়ে ফিলিস্তিনের প্রতিরোধ কমিটি গুলো জানিয়েছে, “ফিলিস্তিনি জনগণের ভূমি দখল ও ইহুদিবাদীদের ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে এই আক্রমণটি একটি প্রতিবাদস্বরূপ।”
জেরুসালেমের পশ্চিম তীরে নির্মিত ইসরাইলি বসতিগুলো আন্তর্জাতিক আইনের অধীনে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন করে আরও বসতি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।
এছাড়াও প্রতি রাতে দখলদার ইসরাইলী বাহিনী ফিলিস্তিনের বিভিন্ন শরণার্থী শিবিরে অভিযান চালায় যা এ অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি করেছে।
উল্লেখ্য; ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই বছরের শুরু থেকে দখলদার ইসরাইল বাহিনীর হাতে প্রায় ১৯৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যার প্রতিবাদস্বরূপ ফিলিস্তিনিদের বিভিন্ন হামলায় ইসরাইলের ২৭ জন নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা











