বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। যে নির্বাচনে জনগণ তাদের সংসদ নির্বাচন করবে, তাদের সরকার নির্বাচন করবে এই কনসার্ন সকলের আছে। বৃটিশ সরকারের সব সময় ছিলো। আমরা ওয়েস্ট মিনিস্টার ফলো করি।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। পরে সাংবাদিকদের বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন এখানে নতুন করে আজকে বলার কিছু নাই। আমরা একটা কথা বারবার বলছি যে, বাংলাদেশের ওপর সমস্ত গণতন্ত্রকামী দেশ যেগুলো আছে, বিশ্বের গণতন্ত্রকামী যে সংগঠনগুলো আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানবাধিকারে বিশ্বাস করে, বিশেষ করে আইনের শাসনে, জীবনের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সবারই কনসার্ন একটা জায়গায়। এর পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক নির্বাচন এবং সেটা বাংলাদেশের জনগণের যেভাবে প্রত্যাশা তাদের (গণতান্ত্রিক দেশগুলোর) একই প্রত্যাশা।
তিনি আরও বলেন, গত এক সাপ্তাহের প্রেক্ষাপটটা যদি ব্যাখ্যা করি, কত মানুষের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে, কত মামলা হয়েছে, কোথায় কোথায় ডিসি পোস্টিং হচ্ছে, কোথায় কোথায় পুলিশ অফিসার পোস্টিং হচ্ছে, কোথায় কোথায় টিএনও পোস্টিং হচ্ছে- এই নির্বাচনে চুরি করার যে প্রকল্প তাতে তা প্রমাণ হয়েছে। গত এক সপ্তাহের তথ্যানুযায়ী নির্বাচনে চুরি করা প্রকল্প, ভোট চুরির প্রকল্প অব্যাহত আছে। কোথায় নির্বাচন ছয় মাস পরে। কিন্তু ভোট চুরির প্রকল্প অ্যাকটিভাবে চলছে, গত এক সপ্তাহে চলছে, গত ছয় মাসে চলছে, তার আগেও চলছেৃ এটার কোনো পরিবর্তন কেউ দেখতে পারছে না।










