আবারও পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আর এতে ৫ পুলিশ সদস্য নিহত ও আরও ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেসামরিক লোকও রয়েছে।
আজ শুক্রবার (২১ জুলাই) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি সরকারি দপ্তরে ও পুলিশের একটি পোস্টে হামালা করা হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে খাইবার জেলার বড় বাজার থানা সংলগ্ন তেহশিল সদরদপ্তরের প্রবেশপথে পুলিশ সদস্যরা দুই আত্মঘাতী বোমারুকে প্রবেশে বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বন্দুক লড়াই শুরু হয়।
এ সময় এক সন্ত্রাসী নিহত হলে অপরজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের কারণে তেহশিল ভবনের একটি অংশ ধ্বসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত এবং সাত পুলিশসহ ১০ জন আহত হন।










