বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি, এলএনজি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে সহায়তা দিতে সম্মত হয়েছে ইতালি। এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করেছে দুই দেশের সরকার। সেই সাথে বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়ার কথাও ভাবছে দেশটি।
মঙ্গলবার (২৫ জুলাই) রোমে স্থানীয় সময় দুপুরে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে পার্কো ডি প্রিন্সিপি দ্য গ্র্যান্ড হোটেলে ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি আরও জানান, সংস্কৃতি বিনিময় সংক্রান্ত আলাদা একটি সমঝোতাও সই হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে অবৈধ প্রবাসীদের বৈধ করার অনুরোধ জানিয়েছেন শেখ হাসিনা। তবে অবৈধ প্রবাসীদের বৈধ করতে না পারলেও, বাংলাদেশ থেকে নতুন কর্মী নিতে ইতালি আগ্রহ দেখিয়েছে।











