হিরো আলমের ওপর হামলার ঘটনায় দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস।
আজ মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, আমেরিকাসহ ১৩ দেশ হিরো আলমকে নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এ বিষয়ে আপনার মন্তব্য কী-জানতে চাইলে পিটার হাস বলেন, আমেরিকায় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা উঠলে আমরা তাদের কথা শুনি, আমরা দেখি তাদের কাছে কী শেখার আছে। আমরা এটাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করি না।’
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমেরিকা আগামী অক্টোবরের শুরুতে প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম বা প্রাক্নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানান পিটার হাস।
পিটার হাস বলেন, তাদের প্রাক্নির্বাচন পর্যবেক্ষক দলে থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা, যাঁরা নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতির বিষয়ে অভিজ্ঞ।
এক প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, প্রাক্পর্যবেক্ষক দল কত দিন থাকবে, সেই শিডিউল আমি এখনো জানি না।
পিটার হাস আরও বলেন, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আমেরিকার আগ্রহ হচ্ছে শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন; যেখানে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন।











