চীনে বৃষ্টিপাতের ১৪০ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নতুন এই রেকর্ড সৃষ্টি হয়।
আজ বুধবার (২ আগস্ট) দেশটির আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
বেইজিংয়ের আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, ‘ঘূর্ণিঝড় চলাকালে চাংপিংয়ের ওয়াংজিউয়ানে সর্বোচ্চ ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এটি ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত।’
ডকসুরি নামের ওই ঘূর্ণিঝড় ফিলিপাইনে আঘাত হানার পর এটি গত সপ্তাহে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানে এবং পরে ঝড়টি উত্তর দিকে চলে যায়। ঝড়ের প্রভাবে শনিবার রাজধানী এবং আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।
খবরে বলা হয়, মাত্র ৪০ ঘণ্টার বৃষ্টিপাত বেইজিংয়ে পুরো জুলাই মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার (১ আগস্ট) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, রেকর্ড ভঙ্গকারী ভারী বর্ষণে বেইজিংয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে। অপর ১৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।











