বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন আশরাফুল ইসলাম আলম (হিরো আলম)। রোববার (৬ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয়ে যান।
হিরো আলম গণমাধ্যমকে জানান, রুহুল কবির রিজভী আমাকে পাগল বলাতে তার নামে মামলা করতে ডিবি কার্যালয়ে এসেছি। রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন?
তিনি বলেন, সংবিধানে আছে, কোনো পাগলকে নির্বাচন করার অধিকার দেয়া হয় না। আমি তিন বার ভোটে দাঁড়িয়েছি। তাহলে আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে?
তিনি আরো বলেন, আমি কখনও বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলিনি। তারা কেন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছি।
হিরো আলম বলেন, আমাকে অশিক্ষিত বলে আপনার নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনাদের দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া কিন্তু এইট পাশ ছিলেন। তিনি এইট পাশ ছিলেন, আমি সেভেন পাশ। এক ক্লাশ নিচে।










