spot_img

নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানের সাথে পাকিস্তানকে সমন্বয় করতে বললেন মাওলানা ফজলুর রহমান

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বর্তমান সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাসী সংগঠনগুলোকে দমন করা উচিত বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান।

শনিবার (৫ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

গত ৩০ জুলাই পাকিস্তানের আফগান সীমান্ত সংলগ্ন উপজাতি জেলা বাজুঢ়ে দলিও সমাবেশে ভয়াবহ বোমা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ফজলুর রহমান বলেন, “পাকিস্তান জুড়ে এসব হামলার সাথে জড়িত ও আফগানিস্তানে আশ্রয় নিয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাথে যোগাযোগ তৈরি করা উচিত।”

এছাড়াও তিনি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সন্ত্রাসবাদ নির্মূল ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি পরিকল্পনা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, “সন্ত্রাসবাদ দমনে আফগানিস্তান ও পাকিস্তানের উচিত একটি যৌথ কৌশল অবলম্বন করা। এছাড়াও উভয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে একে অপরের হস্তক্ষেপ না করা। সন্ত্রাসীরা যেন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক স্থাপন করা।”

যদিও ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের মাটিতে কোন সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নেই বলে দাবি করেছেন দেশটির উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, দুই দেশের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় অবশ্যই পারস্পারিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, “প্রথমত, সন্ত্রাসী গোষ্ঠী গুলোর বিরুদ্ধে প্রতিরোধের জন্য উভয়কেই প্রতিজ্ঞাবদ্ধ থাকা প্রয়োজন। এখানে পারস্পারিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও প্রতিরোধের বিষয়ে যেসব ঝুঁকি রয়েছে তা আমাদের ভালোভাবে জানতে হবে। পাশাপাশি আঞ্চলিকতার যে মিল রয়েছে তাও কাজে লাগানো উচিত যা আলোচিত সমস্যাগুলোর সমাধান করতে পারবে।”

উল্লেখ্য, গত ৩০ জুলাইয়ের হামলায় অন্তত ৫৬ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। আফগানিস্তান এ হামলাটিকে অপরাধ হিসেবে অভিহিত করেছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ