পশ্চিমতীর জুড়ে নির্মিত ইসরাইলি বসতিগুলোকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
গত মঙ্গলবার (৮ আগস্ট) দেশটির পার্লামেন্টে এ কথা বলেন তিনি। এসময় তিনি ‘দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল’ শব্দটি উচ্চারণ করেন।
তিনি বলেন, “১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিমতীর, পূর্ব জেরুসালেম ও গাজা উপত্যকা ইসরাইল কর্তৃক দখল করা হয়েছিল যা এখনো অব্যাহত রয়েছে।”
তিনি আরো বলেন, অবৈধভাবে বসতি স্থাপন স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। এছাড়াও এভাবে বিভিন্ন অঞ্চল দখল করা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা তৈরি করছে।
পেনি ওং বলেন, “ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে অস্ট্রেলিয়া জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত প্রস্তাবের সাথে দৃঢ়ভাবে অবস্থান করে ।”
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টিকে স্বাগত জানিয়েছে । দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজুলেশনের সাথে অস্ট্রেলিয়ার অবস্থানকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে তারা।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার এবিসি নিউজ অনুসারে, গত কয়েক দশক জুড়ে ‘দখলকৃত অঞ্চল’ শব্দটি উচ্চারণ করতেন অল্প কিছু দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
তবে ২০১৪ সালের পর থেকে বেশিরভাগ মন্ত্রীরা ফিলিস্তিনি অঞ্চল উল্লেখ করার সময় ‘দখল’ অথবা ‘দখলকৃত’ শব্দটি উচ্চারণ করা থেকে বিরত থেকেছেন।
সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার











