আমেরিকার হাওয়াই রাজ্যের মাউই দ্বীপে দাবানলের আগুনলাগার এক সপ্তাহ পার হলেও উদ্ধার হচ্ছে মরদেহ। মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে। তবে, এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ।
নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে রাজ্যের গভর্নর।
হাওয়াই দ্বীপের ঐতিহাসিক মাউয়ি শহরটির বড় একটি অংশই দাবানলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যারা সেখান থেকে বেঁচে ফিরেছেন তারা বলছেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাদেরকে কোনো প্রকার সতর্কবার্তা দেওয়া হয়নি।
ফেডারেল কর্মকর্তা জেরেমি গ্রীনউড বলেছেন, শতাধিক মানুষের সঙ্গে এখনো যোগাযোগ করা যাচ্ছে না। তবে এমন হতে পারে যে তাদের কেউ কেউ হয়তো নিরাপদেই আছেন।
গত মঙ্গলবার হাওয়াই দ্বীপে ওই দাবানলের সূত্রপাত হয়। পরে হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসের কারণে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর কর্তৃপক্ষ প্রায় ১৪ হাজার পর্যটককে সেখান থেকে সরিয়ে নেয়। তবে বিদ্যুৎ ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এখনো অনেক মানুষের সন্ধান পায়নি কর্তৃপক্ষ।











