সাপ্তাহিক ছুটির দিন ছাড়া রাজধানীর সড়কে রাজনৈতিক কর্মসূচি না করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। শুক্রবার ও শনিবার কর্মসূচি দেওয়ার পরামর্শ তার। এছাড়া একই সময়ে, একই দিনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচিতেও সংঘাতের আশঙ্কাসহ নানা সংকট দেখছেন তিনি।
পুরো জুলাই মাসজুড়ে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। ঢাকাসহ সারা দেশের জেলায় জেলায় কর্মসূচি পালন করে তারা। বিএনপি ১২ জুলাই নয়াপল্টনে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সমাবেশ করে। একই দিনে রাজধানীসহ সারা দেশে ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। দেড় কিলোমিটারের ব্যবধানে দুটি পাল্টাপাল্টি বড় সমাবেশ করে তারা।
পুলিশ বলছে, পাল্টাপাল্টি কর্মসূচি কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাজধানীর প্রবেশ মুখে ২ দলের মারমুখী অবস্থানে জনমনে তৈরি হয় আতঙ্ক। বাধাগ্রস্ত হয় ঢাকায় প্রবেশ।
আইনি ক্ষমতা থাকলেও তা ব্যবহার না করে রাজনৈতিক দলগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান ডিএমপি কমিশনারের।
এছাড়াও চাকরি জাতীয়করণ, চাকরির বয়স বাড়ানো, পরীক্ষার সময় পেছানোসহ নানা দাবিতে সড়ক আটকে আন্দোলন না করার আহ্বান ঢাকা মহানগর পুলিশের।










