ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের অবতরণ স্থলের নাম দিয়েছেন ‘শিবশক্তি’। এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। হিন্দু দেবতা শিবের নামে এই নামকরণ করেছেন মোদী।
গত (বুধবার) সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ভারতীয় চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। দেশজুড়ে এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ করার সময়ে বিদেশ সফরে ছিলেন নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকা থেকে গ্রিস সফর শেষ করে শনিবার দেশে ফিরে কর্ণাটকের বেঙ্গালুরুতে যান।
তারপরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ কার্যালয়ে ‘ইসরো’ প্রধান এস সোমনাথসহ সেখানকার বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরোর বিজ্ঞানীদের ধৈর্য, পরিশ্রম দেশকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে তা সাধারণ নয়। ভারতীয় বিজ্ঞানের অগ্রগতির শঙ্খনাদ শোনা যাচ্ছে। ভারত চাঁদে পৌঁছে গেছে। ‘ইসরো’ আমাদের দেশকে গর্বিত করেছে। আমরা চাঁদের যে জায়গায় পৌঁছেছি সেই জায়গায় আগে কেউ পৌঁছায়নি। এ সময়ে তিনি ঘোষণা করেন চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুর যে জায়গাটিতে অবতরণ করেছে এবার সেই স্থানটি ‘শিবশক্তি’ নামে পরিচিত হবে।











