পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা পুলিশের রয়েছে। বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নির্বাচনী দায়িত্ব পালনের অভিজ্ঞতা এ বাহিনীর আছে।
নির্বাচন কমিশন পুলিশকে যে দায়িত্ব দেবে পুলিশ সে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন।
রোববার (২৭ আগস্ট) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও বরিশাল রেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের জনবল, লজিস্টিকস ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে। পুলিশের প্রশিক্ষণ রয়েছে। নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকে। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব দেবে পুলিশ সে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
সভায় উপস্থিত পুলিশ সদস্যরা অপারেশনাল ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন। আইজিপি ধৈর্য ধরে তাদের কথা শোনেন। তিনি কিছু বিষয়ের তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য বিষয়াদি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
আইজিপি পুলিশ লাইন্স চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরে আইজিপি বরিশাল রেঞ্জে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।










