চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছেন ভারতের এক হিন্দু ধর্মগুরু। শুধু তাই নয়, যে স্থানে চন্দ্রযান অবতরণ করেছে সেই জায়গাটিকে চাঁদের রাজধানী হিসাবে ঘোষণা করারও দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানানো ভারতীয় ওই ধর্মগুরুর নাম স্বামী চক্রপানি মহারাজ। তিনি ভারতের অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি। হিন্দু এই ধর্মগুরু তার বিতর্কিত নানা মন্তব্যের জন্য পরিচিত।
স্বামী চক্রপানি মহারাজ নামক ওই ধর্মগুরুর দাবি, চন্দ্রযান-৩ অবতরণ করার পর এবার চাঁদকে হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করা হোক এবং যে স্থানে চন্দ্রযানের সফট ল্যান্ডিং হয়েছে, সেই জায়গাটিকে রাজধানী হিসাবে ঘোষণা করা হোক।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় সভাপতি চক্রপানি রোববার এ বিষয়ে ভারত সরকারের কাছে আবেদন জানান। তার দাবি, অন্য কোনও ধর্ম চাঁদের ওপর মালিকানা ঘোষণা করার আগে যেন সরকার এই দাবি জানায়। এমনকি এই বিষয়ে সংসদে প্রস্তাবনা পাসেরও দাবি করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট এক ভিডিওতে চক্রপানি মহারাজ বলেন, ‘ভারতীয় পার্লামেন্টের পক্ষ থেকে চাঁদকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হোক। যেখানে চন্দ্রযান-৩ অবতরণ করেছে, সেই শিবশক্তি পয়েন্টকে রাজধানী হিসাবে ঘোষণা করা হোক, যাতে কোনও জিহাদি মানসিকতা সেখানে পৌঁছতে না পারে।’
তিনি আরও বলেন, ‘কোনও সন্ত্রাসী যেন চাঁদে পৌঁছতে না পারে সে বিষয়ে ভারত সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’











