spot_img
spot_img

দিল্লি থেকে বিজেপিকে সরাবো, সবাই সিংহের মতো লড়াই করুন : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে ক্ষমতাচ্যুত করার কথা বলেছেন।

সোমবার (২৮আগস্ট) দেশে আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে তিনি কোলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মুখ্যমন্ত্রী মমতা আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কোলকাতায় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে রাজ্যে তৎকালীন সিপিএম সরকারকে রাজনৈতিক ভাবে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় বিজেপি সরকারকে সরানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, আমি জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। কিন্তু তা সত্ত্বেও আমার জেদ ছিল সিপিএমকে বাংলা থেকে সরাবো, আমরা সরিয়েছি। তখন কেউ ভাবতে পারেনি যে বাংলা থেকে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার বিদায় নেবে। বিদায় কিন্তু নিয়েছিল। আজও আমাদের লড়াই বিজেপিকে দিল্লি থেকে সরাবো। এই লড়াইয়ে আমি চাই আপনারা সবাই বাঘের মতো লড়াই করুন, সিংহের মতো লড়াই করুন। কোথাও মাথা নত করবেন না।

অন্যদিকে, আজ একই অনুষ্ঠান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ থেকে পলাতক শিল্পপতিদের পদবি উল্লেখ করে বিরোধীদের নিশানা করেন। পলাতক শিল্পপতিদের বিরুদ্ধে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো কয়েক হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। বর্তমানে তারা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আছেন। এক পরিসংখ্যানে প্রকাশ, ২০১৫ সাল থেকে ৭২ জন ঋণখেলাপি দেশ ছেড়েছেন।

নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যর নাম না করে অভিষেক আজ বলেন, আমার পদবি মোদী নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি মাল্য নয়। আমার পদবি বন্দ্যোপাধ্যায়। নাম অভিষেক। আমি পালানোর লোক নই।

উল্লেখ্য; চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিদেশে যাওয়ার পর বিরোধীদের একাংশ বিদ্রুপ করে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ করেই দেশ থেকে নানা সময়ে পলাতক শিল্পপতিদের পদবি উল্লেখ করে আজ পাল্টা কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ