spot_img
spot_img

ফিলিস্তিনিদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে পাশে দাঁড়ালো দক্ষিণ কোরিয়া

ফিলিস্তিনি জনগণের মানসিক স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে ৬০ লক্ষ্য মার্কিন ডলারের সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কেওআইসিএ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (২৮ আগস্ট) কেওআইসিএর পরিচালক মিনজং কিম ও ডব্লিউএইচওর প্রতিনিধি রিচার্ড পিপারকর্ন এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তি অনুযায়ী, দখলকৃত পশ্চিমতীর, পূর্ব জেরুসালেম ও গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “২০২১-২২ সালের মধ্যে দখলকৃত অঞ্চলজুড়ে মানসিক রোগীর সংখ্যা ১৩ শতাংশ বেড়েছে। যার অন্যতম কারণ ক্রমবর্ধমান ইসরাইলী সহিংসতা ও করোনা মহামারীর প্রাদুর্ভাব। দখলকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেটি এখানের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।”

কেওআইসিএর পরিচালক মিনজং কিম বলেন, অনেক ফিলিস্তিনি তাদের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা পায় না। কারন মানসিক সমস্যাগুলো নিয়ে খুব বেশি রিপোর্ট তৈরি করা হয় না।

তিনি আরো বলেন, “আমি কেওআইসিএকে এই অদৃশ্য সংকট মোকাবেলায় দীর্ঘস্থায়ী পদক্ষেপ গ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য বিনিয়োগ করার অর্থ হলো সকলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ ও জীবনের পক্ষেই বিনিয়োগ করা।”

উল্লেখ্য; দীর্ঘমেয়াদী এই চুক্তি অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত প্রায় ৫২০০ স্বাস্থ্য কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। দীর্ঘস্থায়ী ঘাটতি মোকাবেলায় প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হবে। মানসিক রোগীদের জন্য পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি গাজা ও পশ্চিমতীরের মানসিক হাসপাতালগুলোর সংস্কার করা হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ