অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। তিনি বুকের সংক্রমণে ভুগছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুকে সমস্যার কথা জানানোর পর শনিবার সন্ধ্যায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, বেশ কিছুক্ষণ ধরে বুকে সংক্রমণের অভিযোগ করায় নিয়মিত চেক-আপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভি বলছে, ৭৬ বছর বয়সী কংগ্রেস নেতা ও উত্তর প্রদেশের রায়বেরেলির সংসদ সদস্য সোনিয়া গান্ধী ভারতশাসিত কাশ্মিরের শ্রীনগর সফর থেকে ফিরে আসার কয়েকদিন পরই বুকে সংক্রমণের কথা জানালেন এবং হাসপাতালে ভর্তি হলেন।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীকে হালকা জ্বর নিয়ে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বেশ কয়েকটি সূত্র রোববার জানিয়েছে।











