আরও ৪ ফিলিস্তিনিকে গুলি করে নির্মমভাবে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
দখলকৃত পশ্চিমতীরে ৩ জন ও অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ১ জন সহ মোট ৪ জনকে হত্যা করেছে দখলদার বাহিনী। পৃথক একটি ঘটনায় আরও এক ফিলিস্তিনি নিহত হয়। খবর আল জাজিরার।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরাইল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে আরও প্রায় ২০ জন আহত হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
গাজায় শহীদ হওয়া ফিলিস্তিনি তরুণকে ইউসুফ সালেম রেদওয়ান বলে শনাক্ত করা হয়েছে। তার বয়স ২৫ বছর। ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজার পূর্বাঞ্চলীয় খান ইউনিস শহরে তাকে গুলি করে ইসরাইলী বাহিনী।











