spot_img
spot_img

ভারতে পার্লামেন্টের ভেতর মুসলিম এমপিকে উদ্দেশ্য করে ইসলামবিদ্বেষী মন্তব্য

ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা রমেশ বিধুরি মুসলিম এমপি কুনওয়ার দানিশ আলীকে উদ্দেশ্য করে দেশটির পার্লামেন্টের ভেতরেই ইসলামবিদ্বেষী মন্তব্য করেছেন। এমনকি মুসলিম ওই এমপির বিরুদ্ধে সাম্প্রদায়িক অপবাদমূলক ভাষাও ব্যবহার করেছেন তিনি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ঐতিহাসিক চাঁদ মিশনের সাফল্যের বিষয়ে বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টে বিতর্ক চলাকালীন ক্ষমতাসীন বিজেপির আইনপ্রণেতা রমেশ বিধুরি মুসলিম এমপি কুনওয়ার দানিশ আলীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এমনকি দানিশ আলীকে সন্ত্রাসী ও দালাল বলেও আখ্যা দেন তিনি।

উগ্রতার শিকার ভুক্তভোগী মুসলিম এমপি কুনওয়ার দানিশ আলী দেশটির বিরোধী দল বহুজন সমাজ পার্টির (বিএসপি) সদস্য। অন্যদিকে রমেশ বিধুরি ভারতের রাজধানী দক্ষিণ দিল্লির নির্বাচনী এলাকার সংসদ সদস্য।

পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় মুসলিম এমপি কুনওয়ার দানিশ আলীকে লক্ষ্য করে রমেশ বিধুরিকে বলতে শোনা যায়, তুমি চরমপন্থি। আমি তোমাকে বলছি, তুমি খতনা করেছ।

এসময় দানিশ আলীর বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করে স্পষ্ট হুমকিতে বিধুরি বলেন, আমি এই মোল্লাকে বাইরে দেখে নেবো। আর পার্লামেন্টে মুসলিম এমপিকে উদ্দেশ্য করে বিজেপির রমেশ বিধুরি যখন এসব ভাষায় কথা বলছিলেন তখন তার পাশে বসে অন্তত দুইজন সিনিয়র বিজেপি নেতা এবং সাবেক একজন কেন্দ্রীয় মন্ত্রীকে হাসতে দেখা যায়।

এদিকে সদ্য উদ্বোধন হওয়া পার্লামেন্ট ভবনের ভেতরে ইসলামবিদ্বেষী এই মন্তব্য দেশটির বিরোধী দল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা অভিযুক্ত বিধুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে মুসলিম এমপি কুনওয়ার দানিশ আলী আল জাজিরাকে বলেছেন, বিজেপির রমেশ বিধুরির এই মন্তব্যে তিনি বিচলিত এবং আহত হয়েছেন, কিন্তু চমকে যাননি বা বিস্মিত হননি।

তিনি বলেন, আমি মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদিকে জিজ্ঞাসা করতে চাই: আরএসএস কি তাদের স্কুলে তাদের ক্যাডারদের এটাই শেখায়?

আরএসএস বলতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা স্বেচ্ছাসেবকদের জাতীয় সমিতিকে বোঝায় যারা ক্ষমতাসীন বিজেপির অতি-ডান মতাদর্শিক পরামর্শদাতা। এই সংঘের লক্ষ্য বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতকে একটি জাতিগত হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। আর মোহন ভাগবত হচ্ছে আরএসএস-এর প্রধান।

দানিশ আলী বলেন, যদি একজন নির্বাচিত আইনপ্রণেতাকে পার্লামেন্টের ভেতরে এভাবে হুমকি দেওয়া যায়, তাহলে দেশের সাধারণ একজন মুসলমান কী পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সে সম্পর্কে অনেক কিছুর উত্তর পাওয়া যায়।

তিনি বলেন, বিতর্কের সময় পার্লামেন্টে উপস্থিত বিরোধী দলের সদস্যরা তার পক্ষে দাঁড়ান। তিনি আল জাজিরাকে বলেছেন, কংগ্রেস এবং টিএমসি (তৃণমূল কংগ্রেস) এর আইনপ্রণেতারা, বিশেষ করে নারী সংসদ সদস্যরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ