এতদিন ধরে ভারতের নয়াদিল্লীতে পশ্চিমাপন্থী সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির নিযুক্ত কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছিল আফগান দূতাবাস। তবে ভারতীয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দূতাবাসের কার্যক্রম চললেও দেশটির কূটনৈতিক সমর্থনের অভাব ও আফগানিস্তান সরকারের অনুপস্থিতির কারণ দেখিয়ে রবিবার (১ অক্টোবর) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে আফগান দূতাবাস।
আফগান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, গভীর অনুশোচনা, হতাশা ও দুঃখের সাথে জানানো হচ্ছে যে নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “উল্লেখযোগ্য হারে কর্মী ও সম্পদ কমে যাওয়ার ফলে এখানে আমাদের কার্যক্রম পরিচালনা করাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।”
এ বিষয়ে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ডেপুটি তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “ভারতের আফগান দূতাবাসে বেশ কিছু সমস্যা রয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি খতিয়ে দেখছে। সমস্যাটির সমাধান না হওয়া পর্যন্ত আলোচনা চলবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের মধ্যে সমন্বয় করে এ বিষয়টির সমাধান করা হবে।”
এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত কোন ধরনের মন্তব্য পাওয়া যায়নি। তবে জানা যায়, কয়েক মাস আগে আফগান রাষ্ট্রদূত ভারত ছেড়েছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের সিদ্ধান্তকে অনুসরণ করবে বলে জানিয়েছে নয়াদিল্লী। ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের শোচনীয় পরাজয়ের পর কাবুল থেকে কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসে ভারত।যদিও পরবর্তী সময়ে আফগানিস্তানের মানবিক পরিস্থিতি বিবেচনা করে দেশটিতে গম, ঔষধ, শীতবস্ত্র, টিকা ও ত্রাণ পাঠায়েছিল ভারত।
সূত্র: তোলো নিউজ ও ভয়েস অব আমেরিকা










