দখলকৃত ফিলিস্তিনে আল আকসায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা ও হযরত ইবরাহিম আলাইহি ওয়া সাল্লামের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মসজিদ “মসজিদে ইবরাহিমি” বন্ধ করে দেওয়ায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি।
বুধবার (৪ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়ে বলা হয়, পবিত্র কুদস বা জেরুসালেম ও হেবরনে অবস্থিত ঐতিহাসিক দু’টি মসজিদের এরিয়ায় উগ্র ইহুদিবাদীদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে ইহুদিবাদী দখলদার বাহিনী মুসলিমদের প্রবেশে প্রতিবন্ধকতা তৈরি করছে। তাদের উপর আক্রমণ করছে। এমনকি নামাজরতদেরও মারধর করে আকসা প্রাঙ্গণ থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে। এছাড়া উগ্র ইহুদিবাদীরাও তাদের ধর্মীয় সুক্কুত দিবস উদযাপন উপলক্ষে আকসায় তাণ্ডবের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সপ্তাহের শেষদিকে ধর্মীয় দিবসটি উদযাপন করে থাকে তারা। এটি উদযাপনে ধর্মীয় রীতিনীতি পালন ও উপাসনা করতে সম্পূর্ণ মুসলিমদের বলে স্বীকৃত এরিয়াতে তারা সহিংসতার আশ্রয় নিয়ে থাকে, স্থিতাবস্থার প্রতি শ্রদ্ধাশীল না হয়ে যা তারা যুগযুগ ধরেই করে আসছে।
এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্টে সহিংসতা ও উত্তেজনা সৃষ্টির জন্য এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পরিকল্পিতভাবে ধারাবাহিক সন্ত্রাসী হামলার জন্য ওআইসি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলকেই দায়ী মনে করে। এবিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের দায় এড়াতে পারে না। তাদেরকে অবশ্যই এবিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
কেননা ইহুদিবাদী দখলদার ইসরাইল কর্তৃক বারবার সন্ত্রাসী হামলা, পবিত্র স্থানের উপর নিষেধাজ্ঞা ও তাতে মুসলমানদের ইবাদাতের অধিকার ছিনিয়ে নেওয়া জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া পবিত্র শহর কুদস বা জেরুসালেমের পবিত্রতা, ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলির ঐতিহাসিক ও আইনগত মর্যাদা সংরক্ষণের প্রয়োজনীয়তার উপরও জোর দেওয়া হয়।
সূত্র: ওয়াফা নিউজ











