spot_img
spot_img

স্থল হামলায় ইসরাইলী বাহিনীর ৩২ সদস্য নিহত

প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে চার সপ্তাহ ধরে চলমান যুদ্ধে ইসরাইলি বাহিনীর হতাহতের সংখ্যা বাড়ছে। কেবল গাজ্জায় স্থল হামলায় অংশ নেওয়ার পর এই উপত্যকার ভেতরে হামাসের আক্রমণে ইসরাইলী বাহিনীর অন্তত ৩২ সদস্য নিহত হয়েছেন। এ নিয়ে হামাসের সাথে যুদ্ধে ইসরাইলী বাহিনীর সদস্যদের নিহতের সংখ্যা বেড়ে ৩৪৬ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (৫ নভেম্বর) ইসরাইলী বাহিনীর প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, শনিবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের সাথে লড়াইয়ের সময় ইহোনাতান মাইমন (২০) নামের এক সৈন্য মারা গেছেন।

ইসরাইলী সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে হামাসের সাথে চলমান যুদ্ধে নিহত ৩৪৬ জন সৈন্য, কর্মকর্তা ও রিজার্ভ সেনা সদস্যের নামের তালিকা প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের মধ্যে হামাস-নিয়ন্ত্রিত গাজায় স্থল হামলার সময় ৩২ জন নিহত সৈন্যও রয়েছেন। এ ছাড়া হামাসের সাথে লড়াইয়ে পুলিশের কমপক্ষে ৫৮ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলী পুলিশ।

গত ২৮ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওইদিন রাতে গাজায় ব্যাপক বোমা হামলা চালিয়ে ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যানসহ ছোট এ উপত্যকায় ঢুকে পড়ে তারা। ইসরাইলী সেনাদের লক্ষ্য ছিল— গাজার ভেতর ঢুকে হামাসের সব স্থাপনা দখল; সঙ্গে মাটির নিচে থাকা সুড়ঙ্গ ধ্বংস করবে তারা।

তবে গাজার ভেতরে প্রবেশের পর হামাস যোদ্ধাদের কঠোর প্রতিরোধের মুখে পড়ে তারা। তা সত্ত্বেও গাজার সবচেয়ে জনবহুল এলাকা গাজা সিটির ভেতর প্রবেশ করতে সমর্থ হয়েছে ইসরাইলী বাহিনী। আর এ কারণে সেখানে এখন তীব্র লড়াই হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ