গত এক মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। বিমান ও স্থল আক্রমণের ফলে ইতিমধ্যে হাজার হাজার নিরীহ নারী ও শিশু প্রাণ হারিয়েছে। আর সেখানে ইসরাইলি বর্বরতার এমন চিত্রে রীতিমতো হতভম্ব হয়ে উদ্বেগ প্রকাশ করেছে গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ গেরাপেট্রিটিস।
মঙ্গলবার (৭ নভেম্বর) এথেন্সে আয়োজিত একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময়ে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জর্জ বলেন, “গত ৭ অক্টোবরে হামাসের আক্রমণের নিন্দা জানায় এথেন্স। তবে বর্তমানে গাজ্জায় যা হচ্ছে তা ইসরাইলের আত্মরক্ষার বৈধ অধিকারের সীমানা অতিক্রম করে গেছে।”
তিনি বলেন, “আমাদের ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া উচিত। কিন্তু তা অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে।”
বক্তব্যে তিনি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গৃহীত সমাধানের কথা উল্লেখ করেন। যার মাধ্যমে ১৯৬৭ সালের মানচিত্র অনুযায়ী পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত এক মাসের চলমান যুদ্ধে গাজা উপত্যকায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১০ হাজার ৫৬৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। যার মধ্যে ৪ হাজার ৩২৪ জন শিশু ও ২ হাজার ৮২৩ জন নারী।
সূত্র: মিডল ইস্ট মনিটর










