ফিলিস্তিনের গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে রাজধানীতে মোটরযান র্যালি করেছে ইমামদের সংগঠন ‘ইমাম সমাজ বাংলাদেশ’।
শুক্রবার (২৪ নভেম্বর) বাদ জুমা চকবাজার শাহি মসজিদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, সাইন্স ল্যাবরেটরি, নিউমার্কেট হয়ে গোরে এ শহীদ মাজার চত্বরে এসে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দেয়।
র্যালি শেষে সংগঠনের মহাসচিব মুফতী মিনহাজ উদ্দীন বলেন, অভিশপ্ত ইহুদি রাষ্ট্র ইসরাইল প্রায় দেড় মাস ধরে গাজ্জায় বর্বর হামলা চালাচ্ছে। হাজার হাজার মানুষকে তারা ইতোমধ্যে হত্যা করেছে। কিন্তু স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধের মুখে তারা আর এখন পেরে উঠতে পারছে না। এজন্য কথিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
মুফতী মিনহাজ উদ্দীন আরও বলেন, ইসরাইল একটি অভিশপ্ত ও অবৈধ জারজ রাষ্ট্র। কোনো মুসলিম দেশ এর সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। গাজ্জাবাসীর পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। অনতিবিলম্বে গাজ্জায় হামলা বন্ধ করতে হবে। তিনি এ ব্যাপারে মুসলিম দেশগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।











