সরকার পতনের একদফা দাবিতে মঙ্গলবার বিরতি দিয়ে আগামী বুধবার অবরোধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে বিএনপি।
আগামী বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ এবং একই দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবে দলটি।
আজ বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এই সময়ের মধ্যে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে ১৫টি।
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি এখনো চলছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।











