spot_img

আগামী শুক্রবার বাইতুল মোকাররমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজত

মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমের মুক্তির দাবি, হেফাজত নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী বাতিলের দাবিতে আগামী শুক্রবার (৮ ডিসেম্বর) বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (৬ ডিসেম্বর) বুধবার রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত জামিয়া হুসাইনিয়া আরজাবাদে এক বৈঠকে এই সিদ্ধান নেওয়া হয়।

বৈঠকে বলা হয় দীর্ঘদিন যাবত মাওলানা মামুনুল হল সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের নূন্যতম সম্মান দেখানো হচ্ছে না। তাঁরা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে। যেসব আলেম ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশির ভাগ দিন হাজিরার জন্য তাদেরকে এক আদালত থেকে আরেক আদালতে হাজিরার জন্য ঘুরপাক খেতে হচ্ছে। আলেমদের সাথে হয়রানীমুলক এ সকল আচরণ অতি সত্বর বন্ধ করতে হবে। এছাড়াও অনতিবিলম্বে বিনাশর্তে মাওলানা মামুনুল হক সহ সকল কারাবন্দী আলেমদের মুক্তি এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য বৈঠক থেকে জোর দাবী জানানো হয়েছে।

ধর্মীয় মতাদর্শ ও ইসলামী রীতিনীতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক ফ্রি মিক্সিং শিক্ষা পদ্ধতি বন্ধ করে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সহশিক্ষার এই ধারা পরিবর্তন করে স্বতন্ত্র ধারার প্রবর্তন করতে হবে। এ ব্যাপারে সচেতন হতে হবে অভিভাবককে। এছাড়া শিক্ষক প্রশিক্ষণের নামে যে তামাশা শুরু হয়েছে তা এখনই বন্ধ করতে হবে। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের উৎকর্ষতার যুগে বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত পরিবর্তনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালক বলে বিশ্বাস করা হয়। সেখানে আমাদের শিক্ষকদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ না দিয়ে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তা কিছুতেই মেনে নেওয়া যায় না।

হেফাজতের নায়েবে আমীর মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার সভাপতিত্বে বৈঠক আরও উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা লোকমান মাজহারী, মুফতী মাসউদুল করীম, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী কিফায়েতুল্লাহ আজহারী, মাওলানা জুবাইর আহমাদ, মাওলানা ফায়সাল আহমেদ, মুফতি শরিফুল্লাহ, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা এনামুল হক মুছা, মাওলানা আমিনুল ইসলাম কসেমী, মুফতী আব্দুল মালেক প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ