আমেরিকা ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত ৭৫ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠন ‘দি সিন্ডিকেটের’ পক্ষ থেকে এবিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, গাজ্জায় ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদ ও গীর্জা ধ্বংসযজ্ঞ, নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতি নিধন ও গণহত্যার মতো মারাত্মক অপরাধ আড়াল করতে এবং সত্য প্রকাশ না হতে দেওয়ার জন্য ইহুদিবাদী দখলদার ইসরাইল সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে। তাদের হামলায় এখন পর্যন্ত ৭৫ জন সাংবাদিক ও মিডিয়াকর্মী শহীদ হয়েছেন। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানাই তারা যেনো যুদ্ধক্ষেত্রে কর্মরত সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সুরক্ষায় অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।
এছাড়া যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক পিয়ার্স মরগান গাজ্জায় ইসরাইল কর্তৃক সাংবাদিক হত্যার সমালোচনা করেন। তিনি বলেন, গত মাস ছিলো সাংবাদিকতা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মাস। গাজ্জায় ইসরাইলী বিমান হামলায় অসংখ্য সংবাদ ও মিডিয়াকর্মী নিহত হয়েছেন। ইতিহাসে এর আগে কখনো একসাথে এত সাংবাদিক নিহতের ঘটনা ঘটেনি। এমনকি সাংবাদিকদের পরিবারের সদস্যদেরও হামলার লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। আল জাজিরা প্রতিনিধি ওয়ায়েল আদ-দাহদুহ সরাসরি সংবাদ সম্প্রচারের দায়িত্ব পালনের সময় জানতে পারেন যে, ইসরাইলী বিমান হামলায় তার নাতি, পুত্র, কন্যা ও স্ত্রী পুরো পরিবারই নিহত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর











