spot_img
spot_img

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিতের পর ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদগামী সব ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইটও বন্ধ থাকবে।

রোববার (১১ অক্টোবর) সকালে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ জানিয়েছিল, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ কারণে বিমানের নির্ধারিত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এসব ফ্লাইটে বুকিং করা যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক এ বিঘ্নের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমানের বিক্রয় কার্যালয়ে যেতে পারেন।

একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে সংস্থাটি বলেছে, ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি বা অবস্থা সম্পর্কে রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকও রয়েছেন। হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনী জড়িত। রয়টার্সও হামলাটিকে হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ